নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:০৭ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২৯ পিএম
দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
নোয়াখালী সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাটসংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে। তিনি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের লিফট অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দেলোয়ার হোসেন কয়েক দিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেনটি মাইজদী স্টেশন থেকে সোনাপুরের উদ্দেশে ছেড়ে এলে আহমদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে রেললাইনে দেলোয়ার কাটা পড়েন। তার শরীর থেকে পা আলাদা হয়ে যায় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ওসি বলেন, পুলিশ ও জিআরপি ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিআরপি মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। পরে স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।