পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:২৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:২৭ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘরের মধ্যে নামাজের বিছানায় পড়ে থাকা রক্তাক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ নবারুন উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম অরিনা বেগম (৪৫)। তিনি কালিয়াগঞ্জ এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। অরিনা বেগমের লাশ প্রাথমিক সুরতহাল শেষে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরিনা বেগমের দুই ছেলে এক মেয়ের মধ্যে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরা বাইরে থাকেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীকে বাড়িতে একা রেখে পাশের কালিয়াগঞ্জ বাজারে যান স্বামী আবুল কালাম আজাদ। রাত সাড়ে ১০টার দিকে আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে দেখেন ঘরের মেঝের মধ্যে জায়নামাজের ওপর অরিনা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা অরিনাকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করছে স্বজনরা।
স্থানীয়রা জানায়, নিহত অরিনার বড় ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তার আরেক ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি। বর্তমানে তিনি রাজনৈতিক কারণে পলাতক রয়েছেন।
বোদা থানার ওসি আজিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সুক্ষ্ম অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।