দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৯:২৬ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলের ৬৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে মিলের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে মিলের ক্যান ক্যরিয়ার প্রাঙ্গণে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিলের ডিজিএম (সম্প্রসারণ) মো. আলাউদ্দিনের সঞ্চালনায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, জামালপুর ডিবি-২ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির আহ্বায়ক মনজুরুল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি মো. দলিলুর রহমান প্রমুখ।
মিল সূত্রে জানা যায়, গত ২০২৩-২৪ মাড়াই মৌসুমে মিলটিতে ৪১ দিনে ৪৫ হাজার টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ২ হাজার ৭১৭ টন। চলতি ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৭০ দিনে ৬০ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিলটির কর্তৃপক্ষ।