কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলে ধাক্কো লেগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম এবং বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে কামাল হোসেন খোকন। নিহত দুইজনের মধ্যে খোকন আমদানি-রপ্তানি ব্যবসী ও রশিদুল চাতাল ব্যবসায়ী। তারা দুজন বন্ধু বলে জানা গেছে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার দুই বন্ধু রংপুর গিয়েছিলেন। রাতে মটরসাইকেলযোগে ভূরুঙ্গামারী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোকন।
নিহত খোকনের স্বজন বাবলু মিয়া জানান, গতরাতে ব্যবসায়ীক কাজ সেরে মোটরসাইকেলযোগে দুইজন রংপুর থেকে ফিরছিলেন। উপজেলার জয়মনিরহাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের দক্ষিন পাশে সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলেই রশিদুল মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে রাত তিনটার দিকে খোকন মারা যায়। তাদেরকে সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা আমরা নিশ্চিত হতে পারি নাই।
ওসি মুনিরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রথমে দুর্ঘটনার কারণ জানা না গেলেও পরে জানা গেছে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।