× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভর্তুকি মূল্যের সার-বীজ পেতে ভোগান্তি

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮ পিএম

ভর্তুকি মূল্যের সার-বীজ পেতে ভোগান্তি

কুমিল্লার হোমনায় সরকারের ভর্তুকি মূল্যের সার ও বীজ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। ইউনিয়ন পর্যায়ে বিসিআইসি ডিলার নিয়োগ করা হলেও ডিলাররা সংশ্লিষ্ট ইউনিয়নে সার বিক্রি করছেন না। বেশিরভাগ ডিলার পৌরশহর কিংবা ইউনিয়নের বাইরের বিভিন্ন বাজারে সার ও বীজ বিক্রি করছেন। এতে দুর্ভোগ বেড়েছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উন্নয়নে সরকারিভাবে প্রান্তিক কৃষক যেন স্বল্প মূল্যে সার ও বীজ পেতে পারে সেজন্য ইউনিয়ন পর্যায়ে বিসিআইসি সার ও বীজ ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে ডিলাররা নির্ধারিত ভর্তুকি মূল্যে সংশ্লিষ্ট ইউনিয়নে সার ও বীজ বিক্রি না করে বাজারে এ সার ও বীজ বিক্রি করছেন। আবার অনেক ডিলারের নামে বরাদ্দ নিয়ে সাব-ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি করছে। এতে কৃষকের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, একই প্রতিষ্ঠানের একাধিক নামে বিসিআইসি, বিএডিসি সার ও বিএডিসি বীজ ডিলার রয়েছে। কাগজপত্রে তাদের মোকাম বিভিন্ন ইউনিয়ন হলেও একই মোকাম ও একই দোকানে সার-বীজ বিক্রি করছে। যেমন- বিএডিসির সার ও বীজ ডিলার মেসার্স সোনালী ট্রেডার্স ও মেসার্স তানিয়া ট্রেডার্স দুটি আলাদা নামীয় প্রতিষ্ঠান হলেও একই দোকানে চলে সব কার্যক্রম। 

সরেজমিনে জানা যায়, বিভিন্ন ইউনিয়নে মোকামের ঠিকানায় ডিলার নিয়োগ দেওয়া হলেও অনেক বাজারে তাদের কোনো দোকানই দেখা যায়নি। অনেক সময় নামেমাত্র সাইনবোর্ড ব্যবহার করা হয়েছে। মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ, মেসার্স খোরশেদ ট্রেডার্স, রফিক ট্রেডার্স, আল আমিন ট্রেডার্স, আ. রশিদ ট্রেডার্স, রফিক ট্রেডার্স, সহিদ ট্রেডার্স, সবুজ এন্টারপ্রাইজ হোমনা বাজারে সার ও বীজ বিক্রি করলেও মেসার্স সোনালী ট্রেডার্স কোথায় সার ও বীজ বিক্রি করছে তা কেউ বলতে পারেনি। রামকৃষ্ণপুর বাজারে মেসার্স এ-জেট ট্রেডার্সের সাইনবোর্ড থাকলেও কোনো দোকানঘর চোখে পড়েনি। দুলালপুর বাজারে মেসার্স সাদ্দাম এন্টারপ্রাইজের মালিক কে তাকে চেনেন না বলে জানান বাজারের লোকজন।

এদিকে মেসার্স বিনিময় সিড স্টোর ও মেসার্স মীম ইন্টারন্যাশনাল দড়িচর বাজারের মোকাম দেখিয়ে সার ও বীজ তুললেও কৃষক দোকানে গিয়ে সার ও বীজ পাচ্ছেন না। তাই বাধ্য হয়েই তাদের উপজেলা সদর থেকে সার ও বীজ কিনতে হয়।

নালাদক্ষিণ গ্রামের কৃষক মো. আক্কাস আলী জানান, খুচরা দোকানগুলোতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে। ইউনিয়নে ডিলারের কাছ থেকে সার কিনতে পারলে পরিবহন খরচ ও সময় কম লাগত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান বলেন, প্রত্যেক বিসিআইসি ডিলারকে নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি নিশ্চিত করতে হবে। কোনো ডিলার নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি না করলে এবং বিষয়টি প্রমাণিত হলে তাদের ব্যাপারে ব্যাবস্থা গ্রহণে জেলা মনিটরিং কমিটিকে অবহিত করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, সার ও বীজ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা