খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৭ পিএম
প্রতীকী ছবি
খাগড়াছড়িতে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ি পৌর শহরের অর্পণা চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম চুমকি রানী দাশ (৫০)। তিনি একই এলাকার তপনকান্তি দাশের স্ত্রী।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, ঘরের ভেতরে এক নারীর মরদেহ পাওয়া গেছে। তার গলার হার, কানের দুল নিয়ে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে এ হত্যাকাণ্ড হয়েছে তা এখনও বলতে পারছি না। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তিনি বলেন, মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুমকি দাশের ছেলে ব্যবসায়ী প্রান্ত দাস পুলিশকে জানান, সন্ধ্যায় তার ব্যবসায়ী বন্ধু বাড়িতে এলে দুজনই বেরিয়ে যান। রাতে আবার গরম কাপড় নিতে এলে ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।