নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৯ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে দেখা মিলেছে বিশালাকৃতির তিমি মাছ (এটি আসলে মাছ নয়, প্রাণী)। পরে কোস্ট গার্ড গিয়ে তিমিটি নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেওয়া হয়। বিশাল তিমিটি দেখার জন্য গভীর রাতেও ভিড় করে উৎসুক জনতা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মেলে এই প্রাণীটির।
হাতিয়া কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় চরে তিমি মাছটি কাদার সঙ্গে আটকে ছিল। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় তিমিটি টেনে পানিতে নামিয়ে আনা হয়। জেলেরা সকালে চরে হাঁটার সময় এটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে নদীর জোয়ারের সময় এটি এই কাদায় এসে আটকা পড়েছে।
এদিকে তিমি মাছটি দেখতে মানুষের ভিড় জমে নদীর তীরে। অনেককে পানিতে নেমে বিশালাকৃতির এই প্রাণীটিকে হাত দিয়ে স্পর্শ করতেও দেখা যায়। পাশাপাশি অনেকে এ মুহূর্তকে ধরে রাখতে মোবাইল ফোনে তোলেন ছবি।
হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার মো. খালিছুর রহমান বলেন, মাছটি ৫০ মণের মতো ওজন হবে। মনে হয় দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি আবার তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।
হাতিয়া উপজেলা মৎস্য অফিসার ফাহাদ হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তিন-চার রকমের তিমি মাছ পাওয়া যায় আমাদের সমুদ্রে। হয়তো তিমিটি খাবারের খোঁজে তীরের দিকে চলে এসেছে।