গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৬ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৪৫ পিএম
গাইবান্ধার তুলসীঘাটে কাশিনাথপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলিগ জামাতের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয় বলে জানান আয়োজকরা।
ঢাকা থেকে আগত তাবলিগ জামাতের মুরুব্বি মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন বিজ্ঞ আলেম এ বয়ান করবেন।
আয়োজকরা জানান, ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য ইসলামী জীবনবিধান ও ধর্মের আলোকে বয়ান করা হবে। বয়ানের মধ্য দিয়ে মুসল্লিরা ইসলামী শিক্ষা সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করবেন।
ইজতেমাকে কেন্দ্র করে গত বুধবার থেকেই গাইবান্ধার বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলাগুলো থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বিশাল শামিয়ানা স্থাপন করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
গতকাল শুরু হওয়া তিন দিনের ইজতেমাটি কাল শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।
পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন জানান, ইজতেমা মাঠ ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পুলিশের টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।
গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। মুসল্লিদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশপাশের জেলাগুলো থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা আমাদের আয়োজনকে আরও সফল করেছে।