অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩২ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম
যশোরের নওয়াপাড়ায় অবৈধভাবে সরকারি সার মজুদ করার অভিযোগে মেসার্স জামান ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় গুদামে থাকা ৪৮০ বস্তা ডিএপি ও ২৫০ বস্তা এমওপি (নন ইউরিয়া) সার জব্দ করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মো. আকরামুজ্জামান খোকন।
অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। জব্দকৃত সারের সরকারি মূল্য ৬ লাখ ৮১ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে নওয়াপাড়ার কলাহাট নামক এলাকার মেসার্স জামান ব্রাদার্সের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুদামের মধ্যে অবৈধভাবে মজুদ রাখা ৪৮০ বস্তা ডিএপি এবং ২৫০ বস্তা নন ইউরিয়া সার পাওয়া যায়। কী কারণে এ সার মজুদ রাখা হয়েছে, তার সঠিক কাগজ ও জবাব দিতে না পারায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ ব্যাপারে মেসার্স জামান ব্রাদার্সের মালিক আকরামুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সরকারি সার মজুদের দায়ে জামান ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।