সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:২৯ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩০ পিএম
দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ট্রেনিং একাডেমির একাডেমিক ভবন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার একদল চৌকস ক্যাডেট সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণ ও উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সেনাপ্রধান বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন এবং দেশ-জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন। এরপর তিনি স্বাগত ভাষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
নিজ বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং দেশের যেকোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। বিগত সময়েও বন্যার্তদের সহযোগিতায় বিএনসিসির সদস্যদের সামাজিক ও জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে সকালে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার (সিএমপি) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৪-এ যোগ দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।