জামর-পাথর কালীপূজা
ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার তাজিগাঁও সীমান্তের টেংরিয়া গোবিন্দপুর কুলিক নদীর পারে শ্রী শ্রী জামর-পাথর কালীপূজা উপলক্ষে এবার হচ্ছে না বাংলাদেশ-ভারত দুই বাংলার মিলনমেলা।
৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এবার আর হচ্ছে না মিলনমেলা। বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভারতে বসবাসরত তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার জন্য দিনটির অপেক্ষা করে।
স্থানীয় বাসিন্দা প্রেমা পাল বলেন, ‘ব্রিটিশ আমল থেকেই পূজা উপলক্ষে পাথর কালী মেলার নামে প্রতিবছর এখানে এক দিনের জন্য মেলা বসে আসছে। দেশ স্বাধীনের পর মেলাটি বাংলাদেশের অংশে পড়লেও মেলায় ভারতীয়দের সীমান্তে উন্মুক্ত করে দেয় ভারত। কিন্তু দেশের অবস্থা ভালো না, তাই এবার পূজা বসলেও মিলনমেলা হবে না। আমরা সবাই হতাশ।’
গিতা রাণী রায় নামে আরেকজন বলেন, ‘আমার বোন ও বোনজামাই ভারতে থাকে। প্রতিবছর এই মেলায় আমরা তাদের দেখতে আসি। ভারতের মাকড়হাট ও শিমুলতলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সীমান্তের ৩৪৬ ও ৬৮নং টিলার তারকাঁটার বেড়ার পাশে দাঁড়িয়ে শুরু হয় দুই দেশের মানুষের দেখা-সাক্ষাৎ। করে খাবার বিনিময়। দীর্ঘদিন পর স্বজনদের পেয়ে আমরা অনেক আনন্দিত হই।’
মেলার কমিটির সভাপতি নমরেশ চন্দ্র সেন বলেন, ‘কোনো প্রকার বাধা ছাড়াই ভারতীয়রা মেলায় আসতে পারে। হাজার হাজার ভারতীয় প্রতিবছরই মেলায় এসে বাংলাদেশে অবস্থানরত তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে। এই দিনটির জন্য প্রতিবছর আমরা অপেক্ষা করি। তবে এবার পূজা হলেও মিলনমেলা আর হচ্ছে না। এতে আমরা অনেক মর্মাহত।’