বগুড়া অফিস
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ২২:০০ পিএম
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিন। প্রবা ফটো
বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে অ্যাফিডেভিট ও মামলার রায় নকল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে জাল স্বাক্ষরিত অ্যাফিডেভিট করা স্ট্র্যাম্প উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারা গ্রামের মো. সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের মো. ওহাব শিপন (৩০) ও একই উপজেলার মো. আক্তারুজ্জামান (৩৮)। তারা দীর্ঘ দিন থেকে এ কাজের সঙ্গে জড়িত।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজ হাসান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে মোছা. আসমা মাহবুব নামের এক ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্র্যাম্প তদন্তে গেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে। তিনি তাৎক্ষণিক আদালতকে জানান, বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যাবার পরেও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছে। আদালত বিষয়টি ওসি ডিবি মুস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অবস্থিত স্ট্র্যাম্প ভেন্ডার দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সদরুল কবির আদালতে জানান, তাদের টিমে প্রায় ২০০ জন প্রতারক দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছে।