বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:১৭ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে স্থানীয় জনসাধারণের ব্যানারে উপজেলার লোকমানপুর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ওই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলার ১নং পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নেকবর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নেকবর হোসেন বলেন, সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ৩০ একর জমি গত ৩০ নভেম্বর স্থানীয়দের লিজ দেওয়া হয়। এরপর অদৃশ্য কারণে গত ৩ ডিসেম্বর অবৈধভাবে তা বাতিলও করা হয়। লোকমানপুরের জনসাধারণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি আরও বলেন, কৃষি খামারে সদ্য যোগদানকৃত ইনচার্জ খায়রুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত। অনিয়মের দায়ে এখান থেকে পূর্বেও তাকে বদলি করা হয়েছিল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আবারও এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে। তাই দুর্নীতিবাজ ইনচার্জ খায়রুল ইসলাম ও নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি খবির উদ্দিন মোল্লাকে ৩ দিনের মধ্যে এখান থেকে অপসারণসহ ৩০ একর জমির লিজ পুনর্বহালের দাবি জানাচ্ছি। অন্যথায় নর্থ বেঙ্গল সুগার মিলের মেইন গেটে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান ও রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।