চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:০০ পিএম
বাবুল আক্তার। ফাইল ফটো
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তিন বছর সাত মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।
কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘জামিনের কাগজপত্র যাছাই-বাছাই শেষে বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেন মিতুর বাবা। আজ শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।
বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় কর্মরত ছিলেন। খবর পেয়ে চট্টগ্রাম এসে তিনি পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২১ সালের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। একইদিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওইদিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল।