রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:৪৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২০:৫৪ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় নয়া দিগন্ত পত্রিকার কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার সাওঘাট ও ভুলতা এলাকায় দুই দফা এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সাংবাদিক শফিকুল ইসলাম সাওঘাট এলাকার আমিন ভুঁইয়া, সিয়াম ভুঁইয়া, বাবু ভুঁইয়া, রাজু ভুঁইয়া, ওসমান ভুঁইয়া, নাজমুলকে নামীয় ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
আহত সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় স্থানীয় সন্ত্রাসী সিয়ামসহ তার সহযোগীরা সাংবাদিক শফিকুল ইসলাম মীরের চাচাতো ভাই মনির হোসেনের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক জহিরুল ইসলামকে মারধর করে একটি মোবাইল ফোন ও তার সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এ খবরে শফিকুল ইসলাম বিষয়টি সিয়ামের কাছে জানতে চাইলে সিয়ামসহ তার সহযোগীরা শফিকুল ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় তার সাথে থাকা নগদ টাকা, একটি ক্যামেরা, মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। পরে ঘটনাটি ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জকে জানিয়ে বাড়িতে ফিরে যাওয়ার সময় পুলিশ ফাঁড়ির অদূরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দ্বিতীয় দফা শফিকুলের ওপর হামলা চালায়। এ সময় শফিকুলের চিৎকারে আশপাশের লোকজন এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, সাংবাদিক শফিকুল ইসলামের মাথায়, ডান পা, বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।