শেরপুর সংবাদদাতা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ০৮:০৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ১২:৫৯ পিএম
কৃষককে মারধরের ভিডিও থেকে নেওয়া ছবি। ছবি : প্রবা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মাদারপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আবু রায়হান গাজীকে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন একই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে আবুল কালাম আজাদ ও শাহজাদার ছেলে হুমায়ুন কবির।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার প্রভাবশালী মো. আজাদ, হুমায়ুন আজাদ ও ছামিউল পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে গাজী পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিষয়ে গাজী পরিবারের পক্ষ থেকে আগে থানায় অভিযোগ করা হয়েছিল। সে কারণেই পরিকল্পিতভাবে রবিবার সকালে রায়হান গাজীকে হত্যার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে জেলা শহর শেরপুরে যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে আজাদ-হুমায়ুন ও তার সহযোগীরা হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন শুরু করেন। স্বামীকে বাঁচাতে রানী আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে রায়হান গাজীকে বাঁচাতে তার পরিবার ৯৯৯ নম্বরে কল দেয়। ফোন পেয়ে ঝিনাইগাতী থানার (ওসি) মনিরুল আলম ভূইয়ার নির্দেশে থানার এসআই ফরিদ উদ্দিন এএসআই জিল্লুর রহমানসহ পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবিরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আহত রায়হান ও রানী ঝিনাইগাতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রায়হানের বড় ভাই জালাল উদ্দিন নয়জনের বিরুদ্ধে রবিবার সন্ধ্যায় ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, আজাদ-হুমায়ুনের পরিবার নিরীহ কৃষক পরিবারটিকে দীর্ঘদিন থেকে নির্যাতন করে আসছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূইয়া প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আবুল কালাম আজাদ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।