রংপুর ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ২৩:৪৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ২৩:৫১ পিএম
দেশে চাহিদার তুলনায় প্রায় ৮৩ শতাংশ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
রবিববার (২৭ নভেম্বর) দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আইসিএবি আয়োজিত ‘চার্টার্ড একাউন্টেন্টসি ক্যারিয়ার চয়েস’ শীর্ষক রংপুর বিভাগীয় সেমিনারে এ তথ্য জানান হয়।
সেমিনার বক্তারা বলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিএ) ডিগ্রি বিশ্বব্যাপী স্বতন্ত্র পেশা হিসেবে বিবেচিত। দেশ-বিদেশে প্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানি, সরকারি, বেসরকারি সংস্থাসহ প্রায় প্রতিটি সেক্টরে দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ পদে কাজ করছে সিএ ডিগ্রিধারীরা। অথচ দেশে ১২ হাজার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হলেও রয়েছে দুই হাজারেরও কম। এ লক্ষ্যে বেকার সমস্যা নিরসনে ও উজ্জ্বল ক্যারিয়ার গড়তে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পেশা দারুন ভূমিকা রাখতে পারে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
বক্তব্য রাখেন আইসিএবি’র প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন-এফসিএ, ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক, চিফ অপারেটিং অফিসার মাহবুব আহম্মেদ সিদ্দিকসহ শিক্ষার্থীরা।
সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ নেয়।