মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ২০:৫৩ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন সড়কে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে মিরুখালী সড়কসহ উপজেলার প্রায় ছয় কিলোমিটারজুড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাউয়ুম। সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী, উপজেলা বন কর্মকর্তা সুরেষ চন্দ্র ও স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
বজ্রপাত প্রতিরোধে ইউএনওর উদ্যোগে উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন বাড়ি থেকে এসব তালবীজ সংগ্রহ করা হয়। ইউএনও আবদুল কাইয়ুম জানান, উপকূলীয় এ উপজেলায় বিভিন্ন সময়ে বজ্রপাতে কৃষক, জেলেসহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত ঝড়বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হচ্ছে। পাশাপাশি গাছপালা কমে যাওয়ায় বেড়েছে দাবদাহসহ বৈরী আবহাওয়া। পর্যায়ক্রমে সব গ্রামীণ সড়কে তালগাছের চারা রোপণ করা হবে।