শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:২৯ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম
মাদারীপুরের শিবচরে নদীতে সাঁতার কেটে পাড়ে আসা একটি পূর্ণবয়স্ক সজারু ধরা পড়ে স্থানীয়দের হাতে। পানি থেকে নদীর পাড়ে উঠে এলে সজারুটি অসুস্থ হয়ে পড়ে। এ সময় নদীর পাড়ে থাকা কয়েকজন সজারুটি ধরে বেঁধে নিয়ে আসে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উৎরাইল এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে সজারুটি ধরা হয়। পরে স্থানীয়রাই আবার সেটিকে নদের পাড়ের ঝোপঝাড়ে অবমুক্ত করে।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উৎরাইল এলাকার আড়িয়াল খাঁ নদে সাঁতার কেটে পাড়ে ওঠে সজারুটি। এটির ওজন ৩-৪ কেজির হবে বলে ধারণা করা হয়। সজারুটি অনেকটা দুর্বল হয়ে পড়লে স্থানীয় কয়েকজন সেটিকে ধরে বেঁধে ফেলে। নদের পাড়ে দোকানের সামনে নিয়ে এলে লোকজন ভিড় করে সজারু দেখতে। পরে নদের পাড়ের ঝোপঝাড়ের কাছে সেটিকে অবমুক্ত করে দেয় তারা। নদের পাড়ে কাশবনসহ উৎরাইল নয়াবাজার-সংলগ্ন এলাকায় সজারুর বিচরণ রয়েছে বলেও জানায় স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ী শামীম হোসেন বলেন, ‘নদের পাড় থেকে সজারুটি ধরে নিয়ে আসে এলাকার কয়েকজন। এখানে কিছুক্ষণ বেঁধে রাখা হয়। কিছুটা সুস্থ হলে নদের পাড়ের কাশবনের কাছে ছেড়ে দেওয়া হয়। এই এলাকায় প্রায়ই সজারুর দেখা মেলে। রাতে দলবেঁধে তারা খাবারের সন্ধানে বের হয়। প্রায়ই সজারুর কাঁটা পরে থাকতে দেখা যায় বাড়ির আনাচে-কানাচে। তবে দিনে তেমন একটা দেখা যায় না।’
সজারুটির ছবি দেখালে মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, সজারুটি বিপন্ন প্রজাতির। জেলার মধ্যে শিবচরের বিভ্ন্নি এলাকায় দুয়েটি দেখা গেছে।