× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আইনজীবী হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৮:৪১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৮:৪২ পিএম

‘আইনজীবী হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ’

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা তিনি বলেন, ‘প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশা গ্রামে আইনজীবী সাইফুলের কবর জিয়ারত ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও সঙ্গে ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।’

দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ হোসেন বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন। সুতরাং এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

আইনজীবী সাইফুল হত্যায় এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের বলেন, ‘সন্দেহজনক অনেককে ইতোমধ্যে ধরা হয়েছে। সরকার এই বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।’

সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখায় আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই বিষয়কে কেন্দ্র করে উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে এবং দেশে-বিদেশে ভাবমূর্তি যেন নষ্ট না হয় সে দিকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাই।’

এ ছাড়া ঐক্যবদ্ধ থেকে সকল বিপদ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি সবাইকে আহ্বান জানান। আরও বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।’

সাংবাদিকদের সঙ্গে আলাপের পর ধর্ম উপদেষ্টা হত্যার শিকার সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এ ছাড়া পরিবারের জন্য ফান্ড গড়ে তোলার কথা জানান।

এ সময় নিহত সাইফুলের বাবার হাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেন উপদেষ্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা