চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২২:৩৪ পিএম
মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে কাস্টমস গোয়েন্দারা একটি বিলাসবহুল ‘নিশান সাফারি’ গাড়ি জব্দ করেছে। সোমবার (২৫ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পশ্চিম খুলশী রোজ ভ্যালি হাসান টাওয়ার থেকে গাড়িটি আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি জানান, মালিক আমদানি সংশ্লিষ্ট কোনো দলিলাদি দাখিল করতে না পারায় এবং বিআরটিএ থেকে গাড়িটির কোনো আমদানি তথ্য না পাওয়ায় এটি শুল্ককর ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে মর্মে প্রমাণিত হয়েছে। যা কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ২(২৪), ১৮, ৩৩, ৮১, ৯০-এর আইনের লঙ্ঘন।
তিনি আরও জানান, গাড়িটি আমদানিতে শুল্ককর পরিশোধ করতে হয় ৮২৭ শতাংশ। এই হিসাবে গাড়িটির আনুমানিক শুল্ককর ১০ (দশ) কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসান টাওয়ারে অভিযান পরিচালনা করে গাড়িটি আটক করার পর দেখা যায় এটির গায়ে নিশান পেট্রোল লেখা। কিন্তু গাড়িটির চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করে নিশান সাফারি পাওয়া যায়। পরে গাড়িটির বর্তমান মালিকের প্রতিনিধি মো. পারভেজ উদ্দিন এটির আমদানি সংক্রান্ত কোনো দলিলাদি কাস্টমস গোয়েন্দা টিমের কাছে উপস্থাপন করতে পারেননি। তিনি একটি হলফনামা উপস্থাপন করেন। তাতে দেখা যায়, মো. ওসমান গনি মেঘনা সিডস ক্রাসিং লিমিটেডের কাছ থেকে দেড় কোটি টাকায় গাড়িটি ক্রয় করেছেন, যাবতীয় কাগজপত্র বুঝে পেয়েছেন এবং সরকারি রাজস্ব সংক্রান্ত কোনো জটিলতার উদ্ভব হলে তিনি তার সম্পূর্ণ দায়দায়িত্ব বহন করবেন। কিন্তু কাস্টমস গোয়েন্দা টিমের কাছে তিনি গাড়িটির আমদানি সংক্রান্ত দলিলাদি উপস্থাপন করতে পারেননি।