টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৩৯ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম
গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) রাতে আউচপাড়া মোল্লাবাড়ির অস্ট্রেলিয়াপ্রবাসী সঞ্চিতা মতির চার তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাবিবুল্লাহ (১৯)। এ ঘটনায় নিহতের বোন জান্নাতি হাবিবা (১৩) আহত হয়েছে। নিহত হাবিবুল্লাহ শরীয়তপুর জেলার সখিপুর থানার বাহেরচর কদমতলী গ্রামের রুহুল আমিনের ছেলে। তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন।
ভাড়াটিয়ারা জানায়, গত রবিবার রাত ১০টার দিকে হঠাৎ অস্ট্রেলিয়াপ্রবাসী সঞ্চিতা মিতার চার তলা বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষের ওয়াশরুমসহ তিনটি রুমের দেয়াল ধসে পড়ে। এ সময় কক্ষে থাকা হাবিবুল্লাহ ও তার বোন জান্নাতি হাবিবা আহত হয়। গুরুতর আহত হাবিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত জান্নাতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, সেপটিক ট্যাংকের বাইপাস লাইন না থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ওই বাড়ির নিচতলার তিনটি কক্ষ ভেঙে তছনছ হয়ে গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।