× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

নাব্যতা সংকটে ব্যাহত ফেরি চলাচল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪ ২০:০২ পিএম

নাব্যতা সংকটে ব্যাহত ফেরি চলাচল

দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট দেখা দিয়েছে। নাব্যতা সংকটের কারণে প্রায় এক মাস যাবৎ অচলাবস্থার সৃষ্টি হয়েছে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট। একই অবস্থা পাটুরিয়ার ৩ নম্বর ঘাটের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীসাধারণ ও বিভিন্ন পরিবহনের চালকসহ সংশ্লিষ্টদের।

ফেরি চালকরা বলছেন, শুধু নাব্যতা সংকট নয় পানি কমে যাওয়ায় সরু হয়েছে চ্যানেল, পদ্মার কোথাও নেই মার্কিং। যে কারণে ঝুঁকি নিয়েই চালাতে হচ্ছে ফেরি। আর ঘাট কর্তৃপক্ষ বলছে, নৌপথ সচল রাখার জন্য চলছে খনন কাজ। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের যানবাহন পারাপার অব্যাহত রাখতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি দুটি সংস্থা একত্রে কাজ করে। ঘাটের পন্টুন মেরামত, ঘাট এলাকায় ভাঙনরোধ, নাব্যতা সংকট খনন কাজ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর ফেরি পরিচালনার দায়িত্ব পালন করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বর্তমানে দৌলতদিয়ার ৭টি ঘাটের মধ্যে ২টি ঘাট পুরোপুরি সচল আছে। অন্য পাঁচটি ঘাটের মধ্যে ১ নম্বর, ২ নম্বর, ৫ নম্বর এবং ৬ নম্বর ঘাট ভাঙনের কারণে কয়েক বছর যাবৎ বন্ধ। শুধু ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে পারাপার সচল রয়েছে। আর ৭ নম্বর ঘাটের কাছে ড্রেজিং চলায় বেশিরভাগ সময় বন্ধ থাকে ঘাটটি। 

সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের সবচেয়ে বড় ও ব্যস্ততম ফেরি ঘাটটি হলো ৭ নম্বর। এ ঘাট দিয়ে সব সময় বড় ফেরিগুলো লোডিং ও আনলোডিং করা হয়। পদ্মার পানি কমার ফলে দেখা দিয়েছে নাব্যতা সংকট। যে কারণে প্রায় এক মাস যাবৎ ঘাটের দুই পাশে চলছে খনন কাজ। দীর্ঘদিন খনন কাজ করেও ঘাটটি সচল করতে পারেনি কর্তৃপক্ষ। অপর দিকে নদীর অপরপ্রান্তে পাটুরিয়ার ৩ নম্বর ঘাটেরও একই অবস্থা।

ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাস্টার মাসুদ আকন্দ বলেন, এক মাস যাবৎ দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরি ভেড়াতে পারি না। নদীতে চর জেগে ওঠায় অন্তত দুই কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। এতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। শুধু নাব্যতা সংকট নয়, পানি কমে যাওয়ায় সরু হয়েছে চ্যানেল, পদ্মার কোথাও নেই মার্কিং। যে কারণে রাতের বেলায় নৌপথ স্পষ্ট দেখা যায় না। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। এখনই কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে শীত মৌসুমে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের যোগাযোগে সমস্যা হবে।

দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকায় যাওয়া যাত্রীরা বলেন, এ নৌরুটে বর্ষায় ভাঙনের ভোগান্তি, শীতে কুয়াশার ভোগান্তি আর শুষ্ক মৌসুমে নাব্যতা সংকট। তার মানে সারা বছরই আমাদের ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয পদ্মা সেতু হলেই ভোগান্তি লাঘব সম্ভব। তা ছাড়া ভোগান্তি কমবে না। তাই দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানাই।পাশাপাশি নাব্যতা সংকট কাটানোর জন্য দ্রুত খননের দাবি জানাই। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন নাব্যতা সংকটের কথা স্বীকার করে বলেন, প্রতি বছর শুষ্ক মৌসুমে এই সমস্যা দেখা দেয়। তবে খনন কাজ অব্যাহত আছে। বিআইডব্লিউটিএর প্রকৌশলীরা দেখভাল করছেন। নৌপথে মার্কিং বাতি দেওয়ার ব্যাপারে আজই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হবে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। আপাতত ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে পারাপার করানো হচ্ছে। ৭ নম্বর ঘাটে ছোট ফেরি লোডিং আনলোডিং হচ্ছে। এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে। যে কারণে ঘাটে তেমন ভোগান্তি নেই বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা