শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ২২:২২ পিএম
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে যুবক আমিরুল ইসলাম মিন্টুকে (৩২) খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।
শুক্রবার (২২ নভেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটির (কাইচ্চাগড়) এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা পুলিশের নজরে আসে ঘটনাটি।
নির্যাতনের শিকার যুবক আমিরুল ইসলাম মিন্টু শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার আইয়ুব আলীর ছেলে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেনÑ শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (গনিবাড়ী) এলাকার সেলিম গনির ছেলে পাভেল (২২), গোসিঙ্গা ইউনিয়নের গাজিয়ারন গ্রামের আছর আলী ফকিরের ছেলে ইব্রাহিম কবির (২৮), তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে জসিম (৩৮), শ্রীপুর আকন্দবাড়ী এলাকার আক্তারের ছেলে সিয়াম (২২), শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার নুরু মিয়ার ছেলে আকরাম (৪২) এবং শ্রীপুর (চৌরাস্তা পাম্পসংলগ্ন) এলাকার জুলহাস।
ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে আমিরুল ইসলাম মিন্টুকে হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক যুবক ঘরের বারান্দার সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠমোড়া করে বেঁধে রাখে। এ সময় আসামিরা যুবকের দুই পা টেনে নির্যাতন চালাচ্ছে। এক পর্যায়ে তারা যুবকের পায়ের ওপর উঠে লাফালাফি করতে থাকে। এ সময় মিন্টুকে চিৎকার করতে শোনা যায়। পরে আসামিরা তার বাঁধন শক্ত করে বেঁধে চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালায়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শুভ মণ্ডল জানান, গ্রেপ্তারকৃত পাভেল, কবির ও জসিমকে শুক্রবার (গতকাল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী আমিরুল ইসলাম মিন্টু অসুস্থ থাকায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।