খুলনা অফিস
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ২২:০৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ২২:০৬ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের পটপরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। বগুড়া থেকে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টের একটি ম্যাচ ২৪ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ ম্যাচে ক্রীড়ামোদী দর্শক মাতাবেন জাতীয় দলের সাবেক, বর্তমান ও দেশের স্বনামধন্য ক্রিকেটাররা। বর্ণিল আয়োজনের এ ম্যাচ দিয়ে শুধু ক্রীড়াঙ্গন নয়; যুবসমাজ ও ক্রীড়ামোদীদের কাছে স্মরণীয় করে রাখতে চায় খুলনা বিএনপি। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত ফেস্টুন, ব্যানারে বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীর সড়ক-মহাসড়ক ও বিভিন্ন স্থাপনা। এতে বদলে গেছে নগরীর দৃশ্যপট।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনার সাংগঠনিক ও প্রচার উপকমিটির আহ্বায়ক শফিকুল আলম তুহিন বলেন, ‘গত ১৫ বছর মেগা প্রকল্পের নামে সীমাহীন লুটপাটের কারণে খেলার মাঠ ছেড়ে যুবসমাজ বিপদগামী হয়েছিল। সে স্থবিরতা কাটিয়ে যুবসমাজকে ক্রীড়াঙ্গনে ফেরাতে বিএনপির উদ্যোগে এই টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সমস্ত ক্রীড়া সংস্থাগুলোকে দলীয় ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। নির্লজ্জ দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন রুগ্ণ অবস্থায় পৌঁছেছে। তারেক রহমানের নির্দেশনায় যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারও সচল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে জিয়া ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।’
সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক শেখ সাদী বলেন, ‘নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে গেট নির্মাণ চলমান। গুরুত্বপূর্ণ পয়েন্টে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত কাট-আউট স্থাপন করা হয়েছে। জেলা স্টেডিয়ামের আশপাশের বহুতল ভবনেও প্যানা ঝুলানো হয়েছে। ইতোমধ্যে রয়েল মোড়, ময়লাপোতা মোড়, কেসিসি মার্কেট মোড়, কোর্ট মোড় ও জোড়াগেটে ডবল গেট করা হয়েছে। আলোকসজ্জা করা হচ্ছে জেলা স্টেডিয়ামসহ আশপাশের এলাকা, সাতরাস্তার মোড়, ময়লাপোতা মোড়ের গাছ, সাতগম্বুজ মসজিদের প্রতিকৃতি, রয়েল মোড়ের রয়েল বেঙ্গল টাইগার ও চিংড়ি। রয়েল মোড় ও শিববাড়ী মোড়ে এবং নগরীর পাঁচ থানায় মাইকিং করা হচ্ছে।’
খুলনা বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির আয়োজনে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে খুলনা বিভাগের ১০টি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ীসহ ঢাকায় ১২টি দলকে নিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। ম্যাচটিকে কেন্দ্র করে খুলনা অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর ক্রীড়ামোদী দর্শক মাঠে বসে সরাসরি জাতীয় দলের সাবেক ও দেশসেরা ক্রিকেটারদের ক্রীড়ানৈপুণ্য উপভোগ করতে পারবেন।’ এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।