× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয় কমিটিতে দ্বন্দ্ব, মারপিট

রাজশাহী অফিস

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ১৮:৫৮ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয় কমিটিতে দ্বন্দ্ব, মারপিট

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষের স্থানীয় এক সমন্বয়ককে মারপিটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার ওপর দুই দফায় হামলা চালানো হয়। মারপিটের শিকার ওই শিক্ষার্থীর দাবি- তাকে ছাত্রদলের সদস্যরা পিটিয়েছে। আহত ছাত্রের নাম সোহেল রানা। 

তবে ছাত্রদলের নেতারা শুক্রবার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে এই দাবি অস্বীকার করে জানান, অভিযোগকারী জাসদ ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তাদের নিজেদের মধ্যকার অন্তর্দ্বন্দ্বের জেরে তাকে পেটানো হয়েছে।

সূত্রমতে, রাজশাহী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই কলেজের যেসব ছাত্র নেতৃত্ব পর্যায়ে ছিলেন, তারা নিজেদের ‘রাজশাহীর সমন্বয়ক’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আহত সোহেল রানা তেমনই একজন।

শিক্ষার্থীদের দেওয়া তথ্যমতে, রাজশাহী কলেজনির্ভর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সোহেল রানা যে গ্রুপে রয়েছেন সেই গ্রুপটি গত বৃহস্পতিবার কেন্দ্রীয় এক সমন্বয়ককে রাজশাহীতে এনে স্থানীয় কমিটি করার চেষ্টা করেছিলেন। রাজশাহী কলেজের অন্য গ্রুপ খবর পেয়ে বৃহস্পতিবার তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের রাজশাহীর অপর গ্রুপের সমন্বয়ক আব্দুর রহিম বলেন, ‘আজ (শুক্রবার) একটা গ্রুপ কেন্দ্রের একজন ভুয়া সমন্বয়ককে এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর কমিটি করার চেষ্টা করেছিল। ওই ভুয়া কেন্দ্রীয় সমন্বয়কের বাড়ি রাজশাহী, তিনি ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা ওই ভুয়া সমন্বয়ককে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দিয়েছে। পরে সোহেলের ওপর কারা হামলা করেছে সেটা আমাদের জানা নেই।’

তবে ছাত্র আন্দোলনকারীদের অপর একটি পক্ষের দাবি, ঢাকা থেকে তিনজন সমন্বয়ক এসেছিলেন রাজশাহীর আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তারা ভুয়া নন। তারা রাজশাহীতে এসেই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলা রয়েছে বলে তারা পরে আসতে চেয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য একটি অংশের কয়েকজন ছাত্র এসে তাদের সঙ্গে বাদানুবাদ শুরু করে। তাদের সঙ্গে আসে ছাত্রদল।

আহত সোহেল রানা বলেন, নগরীর কালেক্টরেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে বহিরাগতরাই বিশৃঙ্খলা করে। পরে ছাত্রদল হামলা করে আমার ওপর। সোহেল রানা অভিযোগ করেন, রাজশাহী কলেজ ছাত্রদলের জয়, রুহুল আমিনসহ ২০-২৫ জন তাকে পিটিয়েছে। 

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে মারপিটের খবর শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে।’

গত বৃহস্পতিবারের এ ঘটনার পর ছাত্রদলের নাম আশায় গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর একটি হোটেলের কনফারেন্স রুমে সম্মেলন করে রাজশাহী মহানগর ছাত্রদল। সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ অন্যান্য ইউনিটের ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জাকি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর সংগঠন ছিল জাসদ। আর সেই জাসদ ছাত্রলীগের সক্রিয় কর্মী সোহেল রানা। যা তার ফেসবুকের পূর্বের পোস্ট দেখলেই প্রমাণ হয়। নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা ছাত্রদলের ওপর দোষ চাপাচ্ছে।’ তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী নেতাদের দেওয়া তথ্যমতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত রাজশাহী মহানগর ও জেলায় কোনো সমন্বয়ক কমিটি নেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা