বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ২০:০৪ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ২০:২৯ পিএম
বাগেরহাটে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট পুলিশ সুপার কাযালয়ের সামনে অবরোধ করেন। আধঘণ্টা ধরে চলা অবরোধে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এ সময় বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচ উদ্দীন হৃদয় বলেন, দেশব্যাপী প্রান্তিক মানুষের সেবায় সব সময় নিয়োজিত ছিলেন ম্যাটস শিক্ষার্থীরা। অথচ যুগের পর যুগ তারা বৈষম্যের শিকার। আমরা সরকারের কাছে চারটি যৌতিক দাবি জানিয়েছি। দাবিগুলোর মধ্যে অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেওয়া। আজ সব ডিপ্লোমাকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হলেও ম্যাটস শিক্ষার্থীরা সে সুযোগ পাচ্ছেন না। দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে শত শত পদ শূন্য রয়েছে, কিন্তু নিয়োগ দিচ্ছে না। ইন্টার্নশিপও বাতিলের পাঁয়তারা করা হচ্ছে।
এ সময় আরও বক্তব্য দেন, শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল, হাসিবুল ইসলাম, হিমা আক্তার প্রমুখ।