নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১৯:৫২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১৯:৫৫ পিএম
নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় টাকা চুরির অপবাদ দিয়ে বাবু (৫৫) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮নং ওয়ার্ড নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওরফে ছোট বাবু নলুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বাবু ও অভিযুক্ত মিলন দুজনই মাদকসেবী। বুধবার বিকালে তারা একটি কক্ষে বসে মাদক সেবন করে ও আড্ডা দেয়। পরে ওই কক্ষ থেকে মিলনের সাড়ে চার হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ তুলে বাবুকে চোর চোর বলে ধাওয়া দেওয়া হয়। এ সময় নলুয়াপাড়া মাঠে নিয়ে বাবুকে মারধর করে ও ইট দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত মিলন কৌশলে লাশ ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং মিলন মিয়াকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে। ময়ানতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় মামলা হয়েছে।