বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১২:৩৩ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১২:৫০ পিএম
যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক ও ক্যামেরাপারসন শরীফ বাঙালিকে মারধর করেছে সন্ত্রাসীরা। দুর্বৃত্তরা এ সময় তাদের ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ছিনিয়ে নেয়। বুধবার (২০ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানায় এ ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক জিয়াউল হক বলেন, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরের মকবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারধর, নির্যাতনের অভিযোগ রয়েছে। বিগত ১০ বছরে অবৈধ প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েক গুণ জমি দখল করেন জোর করে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মকবুল ও এএসপি ফখরুলের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি বাবলুর রহমান খান বলেন, ‘সাংবাদিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর প্রেস ক্লাব এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।