ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ০৯:৩৭ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪ ১০:৪২ এএম
মেজর (অব.) শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়ি মেহজাবিনে এ ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টার দিকে সাত-আট যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুব পাশের ভবনের সামনের দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে।
ওই ভবনে বসবাসকারী শাহজাহান ওমরের ভাগনে রফিকুল ইসলাম দুলাল জানান, বুধবার রাত ৮টার দিকে সাত-আট জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তারা তিনটি গ্লাস ভাঙচুর করে চলে যান।
ওসি ইসমাইল হোসেন বলেন, হামলার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাহজাহান ওমর মোবাইলে বলেন, ‘আমি বরিশালে আছি। শুনেছি সন্ধ্যার পর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে।’