চিলমারী-রৌমারী রুট
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২১:৩২ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ২১:৪০ পিএম
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে দুই হাজার ফিট খনন কাজ শেষ করে নাব্য সংকট নিরসনোত্তর ১২ দিন পর আবারও চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ৭টি পণ্যবাহী পরিবহন নিয়ে রৌমারীর উদ্দেশে চিলমারী ঘাট হতে ফেরি কুঞ্জলতা ছেড়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে গত ৮ নভেম্বর হতে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
চিলমারী বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল দুপুর হতে এ রুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। ইতোমধ্যে দুপুর দেড়টার দিকে ৭টি পণ্যবাহী পরিবহন নিয়ে ফেরি কুঞ্জলতা রৌমারী ঘাটের উদ্দেশে চিলমারী রমনা নৌঘাট ছেড়ে গেছে। নদের নাব্য সংকট মেটায় এখন আর ফেরি চলাচলে সমস্যা নেই। এখন থেকে অপর একটি ফেরি কদমও নিয়মিত চলাচল করবে।
এদিকে ১২ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় চিলমারী নৌবন্দর ঘাটে আটকা পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ১ সপ্তাহ অপেক্ষার পর বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রমনা ঘাট থেকে চলে গেছে জানান ঘাট সংশ্লিষ্টরা।
বিআইডব্লিউটিএ'র উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। ১২ দিনে প্রায় ২ হাজার ফিট এলাকা খনন করা হয়েছে। খননের সব ধরনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নির্বিঘ্নে ফেরি চলাচলের জন্য নদের বিভিন্ন স্থানে চিহ্নিত করা হয়েছে। আজ থেকে স্বাভাবিক নিয়মে এই নৌ-পথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি'র চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারীর বলদ মারা ঘাটে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি বিভিন্ন জায়গায় মাটির সঙ্গে আটকে যাচ্ছিল। পরে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রেখে খনন করা হয়। গত মঙ্গলবার খননকাজ শেষ হওয়ায় গতকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হলো।