টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ২১:০৬ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ২১:৩০ পিএম
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)-এর সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়ক অবরোধ ও ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।
এর আগে গত মঙ্গলবার ভোরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে গ্রেপ্তার হন গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদল যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ খান পিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুবদল নেতা লিপু মোল্লা, ছাত্রদল নেতা রিগান প্রমুখ।
এ সময় বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কুশপুত্তলিকা দাহ ও শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিলটি সাহারা মার্কেট এলাকা থেকে সরে গিয়ে স্টেশন রোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শাখা সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ একজন দুর্নীতিবাজ ব্যক্তি ছিলেন। তিনি একজন ভূমিদস্যু। তিনি দুইবার মেয়রের (ভারপ্রাপ্ত) পদে থাকাকালে গাজীপুর মহানগরীতে উন্নয়ন না করে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন। আওয়ামী আমলে তার ভয়ে কেউ তার অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। কিরণ গাজীপুর সদর থানায় দুটি হত্যাসহ মোট পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি। সমাবেশে গাসিকের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়রের শাস্তির দাবি জানান তারা।