গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১৪:০১ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১৪:৫৩ পিএম
গাজীপুর মহানগরের সারাবোয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্পপুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছেন। ওই কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবরের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। গতকাল সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা -নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও পঞ্চম দিনের মতো আজ সকাল ১০টা থেকে পুনরায় চক্রবর্তী এলাকায় ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
অন্যদিকে জিরানী এলাকায় হা-মীম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকরা সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।
শ্রমিকরা জানান, সকাল ৬টার দিকে কারখানার সামনে বাসচাপায় তাদের কারখানার তিনজন শ্রমিক আহত হন। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও শিল্পপুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারি রিকশায় যাতায়াত করছেন যাত্রীরা। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে। স্থানীয়রা সড়ক সচল করার দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার থেকে ওই সড়ক অবরোধ করে আন্দোলনে নামছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে আজ পর্যন্ত লাগাতার সড়ক অবরোধ করছেন তারা।
ওসি সাইফুল ইসলাম বলেন, আজও শ্রমিকরা সড়কে রয়েছেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।