লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ১০:২৯ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১০:৫৩ এএম
লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন গ্রেপ্তার হয়েছেন। তিনি সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে সদরের চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে সন্ত্রাসী দিদার ও সোলায়মান বাহিনীর মধ্যে গোলাগুলি ঘটে। ওই ঘটনায় দিদার বাহিনীর সদস্যরা কাছ থেকে কামালের এক পায়ে গুলি করে। এতে তার এক পা কেটে ফেলতে হয়। ২০১৫ সালে কামালের বিরুদ্ধে সীমান্তবর্তী নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মাঝি হত্যার ঘটনায় মামলা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। তবে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।