পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১৩:২৫ পিএম
প্রতীকী ছবি
পাবনা শহরের পর এবার ঈশ্বরদীতে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ওয়ালিফ হোসেন মানিক। তিনি পাকশী দিয়ার বাঘইল (রূপপুর মোড়) এলাকার ইউনুচ আলীর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মানিক হাত কাটা টুনটুনির ছোট ভাই মনা হত্যাকাণ্ডের প্রধান আসামি ছিলেন। রবিবার (১৭ নভেম্বর) হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে এসেছিলেন।
ওসি শহীদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।