চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ২৩:৩৬ পিএম
শীতকালীন ঘনকুয়াশার কারণে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণে সমস্যা হতে পারে। সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। কুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে সমস্যা হলে এই দুই বিমানবন্দরে অবতরণ করা যাবে।
রবিবার (১৭ নভেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে এ নির্দেশনা প্রদান করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
তিনি বলেন, অতীতে শীতকালীন ঘনকুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে।
এদিন বেবিচক চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, এপ্রোন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশু পার্ক, ড্রাইভওয়েসহ অন্যান্য চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে এসব কাজ দ্রুত শেষ হলে যাত্রীদের সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রম যাত্রীসেবা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সকলকে এসব কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীরসহ বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।