কক্সবাজার ও টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৩৫ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৪ পিএম
কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের মূল হোতা এবং সাত মামলার পলাতক আসামি বদরুদ্দৌজা ওরফে বদরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার ঝাউবাগন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বদরুদ্দৌজা ওরফে বদরুজ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত মাওলানা সুলতান আহমেদের ছেলে।
তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, খুনসহ নানা অভিযোগে টেকনাফ থানায় সাতটির বেশি মামলা রয়েছে।
গিয়াস উদ্দিন বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার ঝাউবাগানে বদরুদ্দৌজা অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ সদস্যদের উপস্থিত টের পেয়ে ৩-৪ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির স্বীকারোক্তি মতে, বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় জলিলের বাড়ির সামনে থাকা লাকড়ির স্তূপে লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি ৩টি বন্দুক, ৩টি গুলি, ২টি কিরিচ দা, ১টি রামদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। ’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার বদরুদ্দৌজা একজন চিহ্নিত ডাকাত ও অপহরণকারী চক্রের মূল হোতা। সে নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে টেকনাফের পাহাড়কেন্দ্রিক নানা অপরাধ সংঘটিত করত। সম্প্রতি কিছু দিন আগে বাহারছড়ায় চিকিৎসক জহির এবং হোয়াইক্যংয়ে ১১ জন কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়।’
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান মুহাম্মদ গিয়াস উদ্দিন।