ময়মনসিংহ (শহর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৬:১০ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৬:৪৪ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার অপরাধে স্ত্রী ও তার প্রেমিককে মৃতুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় প্রদান করেন।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের পূর্ব বাঁশকান্দা গ্রামের হযরত আলীর স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে বড় বোনের স্বামী লিয়াকত আলীর অবৈধ সম্পর্ক হয়। একসময় আপত্তিকর অবস্থায় হযরত আলী তাদের দেখে ফেলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা বাধে। বিয়ে বর্হিভূত সম্পর্কের পথে বাধা মনে হওয়ায় তারা হযরতকে হত্যার পরিকল্পনা করেন। সেই অনুযায়ী ২০২১ সালের ২৯ অক্টোবর হালুয়াঘাটের পশ্চিম কুতিকুড়া আতলা বিলে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হযরত আলীকে শ্বাসরোধে হত্যা করেন লিয়াকত। ঘটনার পরদিন বিল থেকে হযরত আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই আবু নাসের বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ১ সেপ্টেম্বর জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মোস্তাছিনুর রহমান বলেন, নিহতের ভাই মামলা দায়েরের পর আদালত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক শেষে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।