প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১২:১৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১২:৪২ পিএম
এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)’র মিউচ্যুয়াল ইভালুয়েশেন রিপোর্ট অনুসারে বাংলাদেশ এফএটিএফ-এর ৪০টি সুপারিশের বিপরীতে ৮টিতে সম্পূর্ণরূপে কমপ্লায়েন্ট, ২৭টিতে লার্জলি কমপ্লায়েন্ট এবং ৫টিতে পার্শিয়ালি কমপ্লায়েন্ট রেটিং অর্জন করেছে। সামগ্রিকভাবে, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান পাঁচ ধাপ উন্নতি লাভ করে বর্তমানে ৪৬তম স্থানে রয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) কক্সবাজারের সী-প্যালেস হোটেলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ‘এন্টি মানি লন্ডারিং অ্যান্ড কম্বেটিং ফাইন্যান্স অফ টেরোরিজম’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিএফআইইউ’র ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন অংশগ্রহণকারীদের মধ্যে বিষয়টি উপস্থাপন করেন।
কর্মশালায় মানিলন্ডারিং প্রতিরোধ, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধের কার্যকর নীতিমালা ও পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ইসলামিক রিলিফ বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স প্রোগ্রামের ভাসানচর, উখিয়া, এবং কক্সবাজার অফিসের ৫২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধের কৌশল ও করণীয় সম্পর্কে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পান। বাস্তব উদাহরণ ও কার্যকর পদ্ধতিগুলো তুলে ধরা এবং অংশগ্রহণকারীদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রশিক্ষণটি অত্যন্ত ফলপ্রসূ হয়।
কর্মশালায় বিএফআইইউ’র জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান বক্তা হিসেবে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের বিষয়টি উপস্থাপন করেন। এছাড়া, রিসোর্স পারসন হিসেবে কর্মশালাটি পরিচালনায় ছিলেন বিএফআইইউ ডেপুটি ডিরেক্টর মো. মনিরুল ইসলাম। কর্মশালাটির সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম ইসলাম (সিএফএম এবং সিএএমএলসিও, ইসলামিক রিলিফ বাংলাদেশ)।
কর্মশালাটির শেষ পর্যায়ে মোশাররফ হোসেন বলেন, “দক্ষতা অর্জন আর সকলের সচেতনার মাধ্যমে আমরা অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ করতে পারবো।”
এ ধরনের প্রশিক্ষণ এনজিও/আইএনজিও পর্যায়ে আর্থিক দুর্নীতি প্রতিরোধ এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রশিক্ষকগণ আশা প্রকাশ করেন।