মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৪:২২ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৪:৩১ পিএম
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকালে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বরগুনার আমতলীতে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেলসহ তার আরও আটজন সহযোগী। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এলে একটি বাসকে সাইড দিতে গিয়ে তাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী বলেন, দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।