গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৩:২৭ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৪ পিএম
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ করছেন।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এতে সড়কের উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর মহানগরের সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিন মাস ধরে শ্রমিকরা প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করছে। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন-ভাতা পরিশোধ করা হলেও চলতি মাসের ১৬ তারিখ হয়ে গেলেও বেক্সিমকোর শ্রমিকরা বেতন পাননি।
এ বেতনের দাবিতে শনিবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন। এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী-চালকরা।
শিল্প পুলিশ জানায়, আগে প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া হতো। কিন্তু এখন মালিকদের কেউ না থাকায় বেতন ঠিকমতো হচ্ছে না। বকেয়া বেতনের জন্য শ্রমিকরা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এক মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বেক্সিমকো কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। এতে যানচলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন।