কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ২৩:২৭ পিএম
কক্সবাজারে মেরিন ড্রাইভে ‘গাছের সাথে ধাক্কা লেগে’ মোটরসাইকেল আরোহী একজন অস্ট্রেলিয়ান নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পথচারী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ড্যানিয়েল পল মেগ্রিন অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত বলে তথ্য পাওয়া গেলেও সংস্থাটির নাম জানা যায়নি।
আহতরা পুলিশ পৌঁছার আগেই চিকিৎসা নিতে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, বিকালে অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল মেগ্রিন নিজে মোটরসাইকেলে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি উখিয়ার উত্তর নিদানিয়া এলাকার বেলী শ্রীম্প হ্যাচারির সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের ধাক্কায় দুই পথচারী আহত হন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।