চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ২০:০৩ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ২০:০৩ পিএম
চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি পানের বরজ থেকে এক তরুণীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে হাজরাহাটি-বোয়ালমারী শ্মশান মাঠ সংলগ্ন একটি পানবরজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিন সন্ধ্যার দিকে মরদেহের পরিচয় শনাক্ত হয়। পুলিশ জানায়, মরদেহটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইদগাহ পাড়ার খোয়াজ আলীর মেয়ে খালেদা আক্তার মুন্নির।
স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যাওয়া শ্রমিকরা বরজের পাশে মরদেহটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ৯৯৯- এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।