পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১৬:২১ পিএম
গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার একটি ফিশিং বোটে ফের হামলা চালিয়েছেন জলদস্যুরা। এতে লিটন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় জলদস্যুদের আক্রমণে সাগরে ঝাঁপ দিয়েছেন প্রকাশ গুনাইয়া নামে আরও এক জেলে।
রবিবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।
বোট মালিক কামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১১ নভেম্বর) সকালে জেলেদের অপর আরেকটি বোটের সহায়তায় ঝাঁপ দেওয়া ওই জেলেকে উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ লিটনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
কামাল উদ্দিন জানায়, গত বৃহস্পতিবার ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে তার মালিকানাধীন ‘মা-বাবার দোয়া’ নামে ফিশিং বোটটি সাগরে মাছ ধরতে যায়। একপর্যায়ে রবিবার রাত দশটার দিকে তাদের বোটে হানা দেওয়ার চেষ্টা চালায় জলদস্যুরা। এ সময় ইঞ্জিন চালিয়ে জেলেরা পালানোর সময় অনবরত গুলিবর্ষণ করে জলদস্যুরা। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন এবং আরেক জেলে দস্যুদের ভয়ে ঝাঁপ দেন সাগরে। তবে জলদস্যুরা বোট ধরতে না পারায় কোনও মালামাল লুট করতে পারেনি বলে জানান তিনি।
বিষয়টি জানতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে জলদস্যুদের হামলার শিকার জেলেদের সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।