রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ২২:০৬ পিএম
মতিহার থানা আওয়ামী লীগের মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডাবলু সরকার। ছবি : প্রবা
স্লোগান দেয়া মাত্রই রাজশাহীর রাজপথে বিএনপিকে ধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে মতিহার থানা আওয়ামী লীগের মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি আগামী ৩ ডিসেম্বর রাজশাহী শহরে বিএনপির সমাবেশ উপলক্ষে দলটি যেন কোনো প্রকার নাশকতা করতে না পারে সে বিষয়েও নিজ দলের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন।
ডাবলু সরকার বলেন, ‘উনারা (বিএনপি) ৩ তারিখে রাজশাহীতে মসাবেশ করবেন। করুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা কোনো কিছু বলবও না, বাধাও দেব না। তারা নির্বিঘ্নে যাবেন-আসবেন। আমরাও রাজপথে থাকব। কিন্তু আমাদের অস্তিত্বে যদি আঘাত দেয়, আমাদের চেতনাকে যদি আঘাত দেয়, আমাদের আদর্শ নিয়ে যদি কথা বলেন। আমাদের যদি এই স্লোগান এই রাজপথে শুনতে হয় ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’ এই স্লোগান মাত্রই ধোলাই হবে। আমরা বিএনপিকে ছাড় দিয়ে কথা বলব না।’
বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজশাহীর মানুষের একটা জানমালের ক্ষতি করলে তার খেশারত বিএনপি নামের ওই রাজনৈতিক দলটাকে দিতে হবে। আপনি বাইরে থেকে লোক নিয়ে এসে, হায়ার করে ঘটনা করে চলে যাবেন, আর রাজশাহীতে আপনারা মহানগরের নেতারা তামাক খেয়ে রাজনীতি করবেন। আগামীতে রাজনীতিটা এত সহজ হবে না বলে দিলাম এখানে।’
মতিহার থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মতিহার থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাও।
বিএনপির সমাবেশ সফল করার লক্ষে প্রতিদিন রাজশাহী মহানগর ও জেলা বিএনপি নানা কর্মসূচি পালন করছে। তার ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টার দিকে বিএনপি নেতারা রাজশাহী মহানগরীর মালোপাড়া, সমবায় মার্কেট, মাস্টার পাড়া, মাছ বাজার ও সাহেব বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
বিকেল ৪টায় রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রচার মিছিল ও প্রস্তুতিমূলক সভা করে।
অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর নেতৃত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী ও রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জলসহ অনেকেই।