× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে কোটি টাকার অবৈধ ভারতীয় প্রসাধনীসহ আটক ১

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ১০:৫৩ এএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ১১:১৭ এএম

নরসিংদীতে কোটি টাকার অবৈধ ভারতীয় প্রসাধনীসহ আটক ১

নরসিংদীর রায়পুরা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী ও ওষুধজাতীয় বিভিন্ন পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মো. সাদেক নামে কাভার্ড ভ্যানের চালকের এক সহযোগীকে আটক করা হয়। আটক ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুরের লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ড ভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক চালকের সহযোগী সাদেক সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মছন মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন ড্রাইভার।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন জানান, রবিবার রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার ইটাখোলা মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সিলেট থেকে একটি কাভার্ড ভ্যান বিপুলসংখ্যক ভারতীয় প্রসাধনীসামগ্রী কর ও শুল্ক ফাঁকি দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছে। সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিমটি মহাসড়ক ধরে ভৈরবের দিকে এগিয়ে যেতে থাকে। ডিবি পুলিশের টিমটি রায়পুরা উপজেলার নারায়ণপুরের লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি কাভার্ড ভ্যানকে দাঁড়ানো দেখতে পায়। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে কী আছে জিজ্ঞেস করলে দৌড়ে পালিয়ে যান চালক। পরে চালকের সহযোগী সাদেকসহ কাভার্ড ভ্যানটি আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন শুল্ক ফাঁকি দেওয়া ওইসব প্রসাধনী ও ওষুধজাতীয় পণ্য সিলেটের সীমান্ত এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিলেন তারা। তবে এসব প্রসাধনীসামগ্রী ও ওষুধজাতীয় পণ্যের কোনো চালান কপি বা রসিদ দেখাতে পারেননি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

নরসিংদী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আমরা শুল্ক ফাঁকি দেওয়া পণ্য উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এর আগে ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্যসহ দুজনকে আটক করা হয়। রবিবারের অভিযানেও ১ কোটি টাকা মূল্যের ওপরে পণ্য উদ্ধার করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আর আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা