নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৯:৩৮ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম
নরসিংদীর রায়পুরায় থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী ও ওষুধজাতীয় বিভিন্ন পণ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মো. সাদেক নামে কার্ভাড ভ্যানের চালকের এক সহযোগীকে আটক করা হয়।
সোমবার (১১ নভেম্বর) নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন এ তথ্য জানান।
এর আগে গত রবিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ড ভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক সাদেক সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মছন মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন জানান, রবিবার রাতে ডিবি পুলিশের একটি টিম রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ড ভ্যানকে দাঁড়ানো দেখতে পায়। এ সময় কাভার্ড ভ্যান তল্লাশির চেষ্টাকালে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে চালকের সহযোগী সাদেকসহ কাভার্ড ভ্যানটিকে আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া ওইসব প্রসাধনী ও ওষুধজাতীয় পণ্য সিলেটের সীমান্ত এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। তবে এসব প্রসাধনসামগ্রী ও ওষুধজাতীয় পণ্যের কোনো চালান কপি বা রসিদ দেখাতে পারেনি আটককৃত ব্যক্তি। আটককৃত ভারতীয় এসব প্রসাধনসামগ্রীর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।