বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৬:৪২ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৭:১৯ পিএম
বান্দরবানের আলীকদমে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। যাদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্টে ৩টি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, মিয়ানমারের সীমান্ত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে আলীকদমে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছিল রোহিঙ্গারা।
মো. শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা বলেন, ৮ লক্ষ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে তারা (দালাল) আমাদের পাঠিয়েছে।
তিনি আরও বলেন, দালাল চক্রের সদস্যরা টাকা নেওয়ার পরে বাস টার্মিনাল থেকে গাড়িতে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে।
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, পৃথক অভিযানে আটককৃত ৮১ জন রোহিঙ্গাকে পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেব বলেন, সকালে ৩টি পৃথক অভিযানে এই সব রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের পুশব্যাক করার প্রক্রিয়া চলমান। আপাতত তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।