নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৬:২২ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৬:২৪ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেছে বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকরা।
এ সময় শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। এমন পরিস্থিতিতে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে সড়ক অবরোধ শুরু করে শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে কয়েকশ শ্রমিকের কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় আজ সকালে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়।
এর আগেও এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছিল। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল।
বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিক অসন্তোষের কারণে বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানার মধ্যে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।