× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৯:৪১ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:০৪ পিএম

ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ

খাগড়াছড়ির পানছড়িতে ১২ দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ইউপিডিএফ সদস্যদের ওপর জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র হামলা এবং  ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে হত্যার অভিযোগ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

রবিবার (১০ নভেম্বর ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, দুপুর ১২টার সময় খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হন।

জানা যায়, মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন (২০২০-২০২১ সেশন) এবং পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে।

বিবৃতিতে তিনি আরও জানান, মিটন চাকমা পানছড়িতে ইউপিডিএফ ও গণসংগঠনের কার্যক্রম জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অনেক বাধাবিপত্তি মোকাবিলা করে জীবনের শেষ দিন পর্যন্ত নিরলসভাবে তার ওপর দলের অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করে যান। তিনি কোনোদিন দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বা দায়িত্বে অবহেলা দেখিয়েছেন, এমন কোনো নজির নেই।

বিবৃতিতে অংগ্য মারমা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকীর দিনে সন্তু গ্রুপের এ হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। এ হামলার মাধ্যমে তারা নিজেদের আবার খুনি বাহিনী হিসেবে প্রমাণ করেছে।

সন্তু গ্রুপের এমন সংঘাত নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অংগ্য মারমা আরও বলেন, শাসকগোষ্ঠীর একটি বিশেষ মহল সন্তু গ্রুপকে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত জিইয়ে রেখে জুম্ম ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করছে। আর এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে সন্তু গ্রুপ ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। সন্তু গ্রুপের এই অপরিণামদর্শী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘মিটন চাকমার মতো একজন উচ্চ শিক্ষিত নিবেদিতপ্রাণ কর্মীকে হত্যা করে সন্তু গ্রুপ কাকে লাভবান করেছে? যারা জনগণের অধিকারের জন্য লড়াই করছে তাদের কেন সন্তু গ্রুপের সন্ত্রাসীরা বেছে বেছে খুন করছে? জনগণের কাছে একদিন তাদের এর জবাব দিতে হবে।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে পানছড়িতে অবস্থানরত জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও মিটন চাকমা হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. জসীম উদ্দিন জানান, গোলাগুলি ও নিহতের কোনো খবর আমরা এখনও শুনিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা